পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
ছাত্র জনতার গণঅভ্যুথানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার বিচারের দাবীতে এবং ১৫ আগস্ট শেখ মুজিবের হত্যার দিনটিকে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির কারণে সন্ত্রাসী কর্মকান্ডের শংকায় পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ সহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন, সরদার কামরুজ্জামান চাঁনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকান্ড চালিয়েছে তাদের দ্রæত বিচারের দাবি জানানো হয়।
