পিরোজপুরে মন্দিরসহ মানুষের জানমাল রক্ষায় পাহাড়া দিচ্ছে বিএনপির নেতা-কর্মীরা
পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে পিরোজপুরের ৭ উপজেলায় সনাতন ধর্মীয়দের উপাসনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় দিনরাত পাহাড়া দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এবং এর পরে সারাদেশের ন্যায় পিরোজপুরেও কিছু অনাকাঙ্খিত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যা একটি দুর্বৃত্ত গোষ্ঠীর কারবার। এর সাথে বিএনপি বা এর সহযোগী সংগঠনগুলোর কোন সংশ্লিষ্টতা নেই। বরং তাদের নেতা-কর্মীরা মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরের নিরাপত্তা দেয়ার জন্য রাত জেগে পাহাড়া দিচ্ছে। আওয়ামী সরকারের ১৭ বছরের দু:শাসনে দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। আওয়ামী সরকার সাংবাদিকদের বাকশক্তি কেড়ে নিয়েছিলো যা বিএনপি পুন:রুদ্ধার করতে লড়াই করছে।
৫ আগস্ট পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা ও দু:খ প্রকাশ করে এ ধরণের অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
এসময় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য মির্জা জহুরুল হক, সরদার কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
