প্রধান সূচি

স্বরূপকাঠীতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিধান মিস্ত্রী (৪৫) নামে এক এনজিও কর্মীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাদ্রা গ্রামের নিজ বাড়ীর পাশের একটি আম গাছ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিধান মিস্ত্রী ওই গ্রামের সতিন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে তিনি এনজিও দেনার দায়ে হয়তো আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান মিস্ত্রী আরামকাঠি গ্রামের মো. রহমত উল্লাহ নামে এক ব্যক্তির পরিচালিত আরামকাঠি সঞ্চয় ঋণদান সমবায় সমিতিতে ৮ বছর ধরে মাঠকর্মী পদে চাকরি করছিলেন। পাশাপাশি তিনি সম্প্রতি নিজ নামে ‘সোনালি সঞ্চয় ঋণদান সমিতি’ নামে একটি সমবায় সমিতির লাইসেন্স করে পরিচালনা করে আসছিল। এ নিয়ে আরামকাঠি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির মালিক রহমত উল্লাহর সাথে বিধান মিস্ত্রীর বিরোধ চলে আসছিল। এছাড়া বিধান মিস্ত্রী নিজ নামে ওই সমবায় সমিতি পরিচালনা করতে গিয়ে অনেকটা দেনার জালে আটকে যান। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য সদানন্দ মন্ডল জানান, বিধান মিস্ত্রী আরামকাঠি গ্রামের রহমত উল্লাহর একটি সমবায় সমিতিতে চাকরি করতেন। পাশাপাশি তিনি সম্প্রতি নিজ নামে একটি সমবায় সমিতি খুলে সমিতি পরিচালিত করছিলেন। এ নিয়ে রহমত মিয়ার সাথে বিধানের বিরোধ ছিল। মাস দু’য়েক পূর্বে রহমত মিয়া বিধান মিস্ত্রীকে নিজ অফিসে কয়েক ঘন্টা আটকে রেখেছিলেন। পরে বিধানের পরিবার খবর পেয়ে বিধানকে ছাড়িয়ে আনেন। সব তিনি আরও বলেন, বিধান মিস্ত্রী ৪০ লক্ষাধিক টাকার দেনায় জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হয়তো দেনার দায়ে সে আত্মহত্যা করেছেন।
তবে আরামকাঠি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির মালিক মো. রহমত উল্লাহ বলেন, বিধান মিস্ত্রী আমার এনজিওতে গ/৮ বছর ধরে চাকরি করেন। পাশাপাশি নিজেও একটি সমবায় সমিতি চালাতেন। তার সাথে আমার ১২ থেকে ১৫ হাজার টাকার একটি লেনদেন রয়েছে। এছাড়া কোন ঝামেলা নেই।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। শুনেছি দেনার দায়ে সে আত্মহত্যা করেছে। তবে এ ব্যাপারে তদন্ত চলমান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial