দেশীয় অস্ত্রসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেফতার
পিরোজপুরে দেশীয় অস্ত্রসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাদিয়া আফরোজ দোলা (৩৪) নামে এক মহিলা আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রাম থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদিয়া আফরোজকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সাদিয়া পিরোজপুর শহরতলীর দক্ষিণ মাছিমপুর এলাকার আবির শেখ প্রিন্সের স্ত্রী।
পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল র্যাব-৮ এবং পিরোজপুর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশী করে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাদিয়া আফরোজ দোলা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
