পিবিআই’র অভিযানে লুটকৃত ৭টি গরু উদ্ধার : গ্রেফতার-১
পিরোজপুরে অস্ত্রের মুখে খামার মালিককে জিম্মি করে লুট করে নেওয়া ১৩টি গরুর মধ্যে ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামার থেকে এসব গরু লুট হয়।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা উপজেলার বাগমারা ও নৈহাটি গ্রামে পিরোজপুর পিবিআই এর একটি টিম অভিযান চালিয়ে লুটকৃত ১৩টি গরুর মধ্যে ৫টি গরু ও ২টি বাছুর উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল মামুন (২১) নামে ১ জনকে গ্রেফতার পিবিআই। গ্রেফাতারকৃত ব্যক্তি রুপসা উপজেলার নৈহাটি গ্রামের কামাল শেখের ছেলে। সে পেশায় একজন কসাই।
উল্লেখ্য, গত ১৭ মার্চ গভীর রাতে দুস্কতকারীরা পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের গরু খামার থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২টি জার্সি গাভি, ৫টি ফিরিজিয়ান গাভি ও ৬টি বাছুরসহ মোট ১৩টি গরু নিয়ে যায়। এসময় তারা খামার মালিক রিয়াজ, তার ছেলে নবীন হাওলাদার এবং খামারের শ্রমিক মো. ইব্রাহিমকে অস্ত্রের মুখে বেঁধে রাখে। এ ঘটনায় রিয়াজ হাওলাদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এদিকে, গরু লুটের বিষয়ে পিরোজপুর পিবিআই ছায়া তদন্ত শুরু। পরে তারা অভিযান চালিয়ে বাছুরসহ ৭টি গরু উদ্ধার করে। উদ্বারকৃত গরু ও গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার (বিপিএম -বার, পিপিএম) এর নির্দেশনায় এবং পিবিআই পিরোজপুর জেলা পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) মো. আবদুর রহমান এর এসআই পলাশ চন্দ্র রায়, এসআই সুুদীপ্ত শংকর বিশ্বাস, এসআই অপু সরকার এবং এস আই সুব্রত সাহাসহ পিবিআই’র একটি দল অভিযান পরিচালনা করে।
