ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার : গ্রেপ্তার-১
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৬)কে অপহরণের ৮ ঘন্টার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সাইমুন খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা গেছে, মেয়েটি স্কুলে যাওয়ার পথে মেদিরাবাদ গ্রামের বজলুর রহমান খানের ছেলে সাইমুন খান তাকে প্রায়শই উত্যক্ত করত। গত মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি তার মায়ের সঙ্গে অটো রিকসা যোগে তাদের বাড়ী থেকে পিসির (ফুপু) বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। এ সময় উক্ত সাইমুন খান দুই সহযোগি নিয়ে রিকসার গতিরোধ করে মেয়েটিকে অপহরণ করে নিজ বাড়ীতে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ ঘটনার পর পরই মেয়েটির মা সাইমুন খানসহ মোট ৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই (মঙ্গলবার রাত ২ টায়) মেদিরাবাদ গ্রামের সাইমুন খান বাড়ীতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং সাইমুন খানকে গ্রেপ্তার করে। মেডিকেল রিপোর্ট এর জন্য মেয়েটিকে বুধবার বিকেলে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান জানান, ঘটনার ৮ ঘন্টার মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
