পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি। বুধবার দুপুরে পৌর এলাকার উত্তর নামাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- ইন্দুরকানী উপজেলার লাহুড়ী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. শফিকুল মৃধা ও সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. ছায়েদ শিকদারের ছেলে সজিব শিকদার।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকার ডিসি পার্ক সংলগ্ন জামে মসজিদের সামনে দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এএসআই শাহী আল নওশাদ, মাসুদ আল বাশার, আল মামুন, রানা, শাকিলসহ ফোর্স নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই শাহী আল নওশাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযানে আমাদের কয়েকটি টিম আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
