কাউখালীতে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ কাউখালীতে তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
সোমবার দুপুরে স্বরূপকাঠি পৌরসভা মিলনায়তনে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক সমাবেশে তিনি ওই ব্যাখ্যা দেন।
এ সময় মো. মহিউদ্দিন মহারাজ বলেন, আমি বলেছি শেখ হাসিনা ছিদ্দিকুর রহমান গাজীকে নৌকা দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের পক্ষ থেকে অন্য কারো নির্বাচন কিসের। পরে আরো বলেছি, জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছে- যারা আওয়ামী লীগ করেন তারা কেউ নির্বাচন করতে পারবেন না। যারা ফরম কিনেছেন ফরম সভাপতির কাছে জমা দিয়ে দেন। সে আহ্বানে যারা ফরম কিনেছিলেন তারা ফরম জমা দিয়ে গেছেন। সেটাকে বিভিন্ন পত্রিকায় নিউজ করেছেন ‘শেখ হাসিনা নৌকা দিয়েছে, আবার ইলেকশন কিসের’।
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি ইঙ্গিত করে বলেছেন, নৌকার সমর্থন নিয়ে বার বার এমপি হয়েছেন- কিন্তু উপজেলায়, ইউনিয়ন পরিষদে সাইকেল মার্কা দিয়ে নৌকার বিপক্ষে নির্বাচন করিয়েছেন। এখন আবার শিয়ালকাঠিতে নৌকার বিপক্ষে দেলোয়ার হোসেন সিকদারকে সাইকেল মার্কার মনোনয়ন দিয়েছেন। আর সেটা করতে দেওয়া যায় না। আমার এসব একথা গুলো ভিন্ন ভাবে উপস্থাপন করে ভাইরাল করা হয়েছে।
তিনি এসময় নিজেসহ অধ্যক্ষ শাহ আলম, ইসাহাক আলী খান পান্না, স্বরূপকাঠি উপজেলা অওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহীদুল হাসানের নাম উল্লেখ করে বলেন, আমার পরিস্কার কথা, পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার জন্য আমরা যারা চিন্তা ভাবনা করছি। সকলেরই এক মত হবে বলে আমি মনে করি। আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠাবেন আমরা সম্মিলিতভাবে নৌকাকে বিজয়ী করবো ইনশাল্লাহ। এ লক্ষ্যে স্বরূপকাঠির জনগণকে এলাকা ভিত্তিক কর্মীর তালিকা করে এখনই কাজে নামতে হবে। আসুন আমরা আগামী নির্বাচনে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদ, ইউপি চেযারম্যান রুহুল আমিন অসীম, আব্দুর রশিদ, সাইদুর রহমান, আওয়ামী লীগ নেত্রী মীরা রানী চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম প্রমুখ।
