পৌরসভা নির্বাচন
ভান্ডারিয়ায় নৌকা পেলেন খশরু, মঠবাড়িয়ায় আফজাল
পৌরসভা নির্বাচন-২০২৩ এ পিরোজপুরের দুটি পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে জেলার ভান্ডারিয়া পৌরসভা গঠনের ৮ বছর পর এই প্রথমবার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ভান্ডারিয়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
অন্যদিক জেলার মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন।
গত ৯ জুন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা ও মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত: গত ৩১ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়াসহ দেশের ৮টি পৌরসভার নির্বাচনী তপসিল ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনযায়ী আগামী ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ১৯ জুন যাচাই এবং ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
