কাউখালীতে ইয়াবাসহ বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী থেকে বরখাস্ত হওয়া কারারক্ষী জাহিদুল ইসলাম জাহিদ (৪৪)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে দক্ষিণ শিয়ালকাঠী থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল শিয়ালকাঠী ৩নং ওয়ার্ডের মাস্টার নুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ ও কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। রাত ১১টার দিকে ডিবি পুলিশের দলটি ওই গ্রামের মহাজনবাড়ির সামনের সড়ক থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রাতেই জাহিদুলকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জেলা ডিবির উপপরিদর্শক জ্যোতির্ময় হালদার বাদী হয়ে জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
জানা গেছে, ২০২৩ সালের ২১ মার্চ শিয়ালকাঠী তালুকদার হাট এলাকার মহাজন বাড়ি থেকে ৭৫০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ আটক করে পিরোজপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। এর আগে ২০২১সালে ২৪ আগষ্ট পিরোজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২শ’ পিস ইয়াবা এবং ৬শ’ গ্রাম গাঁজাসহ জাহিদকে তার বাড়ি থেকে আটক করেছিল। এছাড়া ২০১৮ সালের ১৮ মে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঝালকাঠি শহরের নতুন কলেজ রোড এলাকার একটি গ্যারেজ থেকে পুলিশ জাহিদকে গ্রেফতার করেছিল।
জাহিদুলের নামে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে কয়েকটি মাদক মামলা বিচারাধীন। মাদক মামলার কারণে তিনি কয়েক বছর ধরে সাময়িক বরখাস্ত আছেন। তিনি সর্বশেষ বরগুনা জেলা কারাগারের কারারক্ষী ছিলেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
