ভান্ডারিয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- জেপি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ৮ দিন পরে জাতীয় পার্টি (জেপি) কর্তৃক দায়েরকৃত মামলায় তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ৫নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বুধবার বিকেল ৫ টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে ধাওয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধাওয়া যুবলীগের সাধারণ সম্পাদক এমাদুল হক সেন্টু, ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক আশিকুর রহমান অমি, যুগ্ম আয়বায়ক মেহেদী হাসান রুম্মান।
মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তারা গণঅনশনে বসবে।
উল্লেখ, গত ১৭ এপ্রিল রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- জেপি (মঞ্জু) নেতাকর্মীদের মধ্যে তেলিখালী ইউনিয়নে একটি ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীসহ জেপির ৪/৫ জন নেতাকর্মী আহত হয়। ভান্ডারিয়া উপজেলা সদরে জেপির নেতা-কর্মীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ অফিস ভাংচুরসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। তারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় ও বাসভবনেও হামলা চালিয়ে ভাংচুর করে।
