প্রধান সূচি

পুলিশসহ আহত-৫ : গ্রেফতার-৪

মঠবাড়িয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণে আশরাফ গ্রুপের হামলা

মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাদের মারধর করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, শুভ, শাওন ও রাব্বি আহত হয়েছেন। এ ঘটনায় মঠবাড়িয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব টহলে রয়েছে।
পুলিশ হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার উত্তর বাদুরা গ্রামের মো. সিহাব হাওলাদারের ছেলে রেদওয়ান (২০), পাঠাকাটা গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন (২০), ভাইজোড়া গ্রামের সিদ্দিক গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩০), পশুরিয়া গ্রামের আবু হানিফ মাঝির ছেলে আল আমিন (২৫)। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে ও হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবী করে পৌর শহরের ব্যাংক পাড়া দলীয় কার্যালয়ে বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমানের সমর্থিত একটি গ্রুপ ছাত্রলীগের ‘মাসব্যাপী শ্রমজীবী, দুস্থদের মাঝে ইফতার বিতরণ’ কর্মসূচিতে হামলা চালিয়েছে। তারা শান্ত মঠবাড়িয়াকে বারবার অশান্ত করে আসছে। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ ও পৌর ছাত্রলীগের আহবায়ক আহত নাজমুল ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক আহত শাও সহ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আহত শাওন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।
অপর দিকে, ডিবি ওসি আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় ডিবি এসআই জ্যোতির্ময় বাদি হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত ৩০ জন আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial