বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরে জেলা বিএনপির প্রচারণা
আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা শহরের বাজার ও বিভিন্ন সড়কের দোকান ও মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কুমার।
এদিকে, জেলার ৫৬টি ইউনিয়নে জনগণকে সম্পৃক্ত করতে মাইকের মাধ্যমে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ। জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৩টি ইউনিয়নে ১১ কিলোমিটার গ্রাম মার্চ করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া জাসাসের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে গান পরিবেশন করে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যেতে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে বরিশাল বিভাগীয় গণসমাবেশে পিরোজপুর জেলা থেকে কত হাজার লোক উপস্থিত থাকবে সে সংখ্যা সরাসরি উল্লেখ না করে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, ৫ নভেম্বরের বরিশালের বেলস পার্কে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরের ৭ উপজেলা থেকে হাজার হাজার লোক উপস্থিত হবে। ৩ নভেম্বর থেকেই নেতা-কর্মী ও সমর্থকরা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবে। তারা যে যেভাবে পারে, যে কৌশলে হোক না কেন বরিশালে উপস্থিত হবে।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু বলেন, আওয়ামী লীগের কোন বাঁধা, পুলিশের হয়রানী বিএনপি’র নেতা-কর্মীদের আটকে রাখতে পারবে না। আগামী ৫ নভেম্বরের বরিশালের গণসমাবেশে তারা সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে বরিশালে যাবে।
পিরোজপুর জেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল বলেন, বাস ধর্মঘট, অটো ধর্মঘট দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ঠেকানো যাবে না। পিরোজপুর জেলা ছাত্রদল সকল প্রকার ধর্মঘট উপেক্ষা করে যে কোন কিছুর বিনিময়ে বরিশাল পৌঁছাবে। বরিশালের বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য জেলা ছাত্রদল সেখানে অংশগ্রহন করবে এবং গণসমাবেশ গণসমুদ্রে পরিনত করবে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ৪ ও ৫ নভেম্বর বরিশাল বিভাগে জেলাগুলোতে বাস ধর্মঘট ডাকার প্রেক্ষিতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশীরভাগ নেতাকর্মীরা নদী পথে ট্রলার, কার্গোসহ অন্যান্য বাহনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সড়ক পথে টমটম, রিক্সাভ্যান, মোটর সাইকেলযোগেও যাওয়ার প্রস্তুতি রয়েছে। এসব নেতা-কর্মী ৩ নভেম্বরের মধ্যেই বরিশাল উপস্থিত হবে। তারা বরিশালে নিজেদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পরিচিতজনদের বাসা-বাড়িতে আশ্রয় নিবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, পুলিশি ঝামেলা, বরিশালে যাওয়ার সময় রাস্তায় আওয়ামী লীগের ঝামেলা এড়াতে পিরোজপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি বড় অংশ ৩ নভেম্বরের মধ্যেই বরিশাল চলে যাবে। তারা নানা কৌশল অবলম্বন করে বরিশালে গিয়ে মোটামুটি আত্মগোপনেই থাকবে। এছাড়া ৪ ও ৫ নভেম্বরও নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানেও থাকবে গোপন কৌশল।
