বরিশালে বিভাগীয় গণসমাবেশ
পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের হুমকি, হয়রানী ও বাধা প্রদানের অভিযোগ
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি, নাজেহাল, বাধা প্রদান, মারধর ও পুলিশী হয়রানীর অভিযোগ করেছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। এ সময় তারা পুলিশসহ প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবী জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এডভোকেট আবুল কালাম আকন। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ, পিরোজপুর পৌর কাউন্সিলর আব্দস সালাম বাতেন, সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন, জেরা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রহিমা আক্তার হাসি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে সকল উপজেলার ইউনিয়নগুলোতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালালে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ বাধা প্রদান করছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। জেলার মঠবাড়িয়া, স্বরূপকাঠীসহ বেশ কয়েকটি জায়গায় নেতাকর্মীদের লাঞ্চিত, নাজেহাল করা ও হামলার ঘটনাও ঘটেছে। আইটসিটি আইনে মামলা দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে গ্রেফতার ও তাদের এলাকাছাড়া করা হচ্ছে। এছাড়া বিভিন্ন উপজেলায় পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে গিয়ে অভিযানের নামে তাদের পরিবারের সদস্যদের নাজেহাল ও দুব্যবহার করে চলছে।
তিনি বলেন, আমরা সকল বাঁধা বিপত্তিকে অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজার লোক নিয়ে বিভাগীয় সমাবেশে উপস্থিত হবো। পথে নেতাকর্মীদের বাধা দিয়ে বিশৃঙ্খলা না করার অনুরোধ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানান জেলা বিএনপির আহবায়ক। তিনি বলেন, ৫ নভেম্বর বরিশালের বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের পশ্চিম পাশে পিরোজপুর জেলা বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা ব্যানার নিয়ে অবস্থান করবে। বাস, লঞ্চসহ সকল যানবাহন বন্ধ করে দিয়েও বিএনপিকে ঠেকানো যাবে না। প্রয়োজনে হাজার হাজার মানুষ পায়ে হেটে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিবে।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বাধা দেওয়া হচ্ছে প্রচারণায়। তবে সকল বাধাকে উপেক্ষা করে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে সফল করতে পিরোজপুর বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরিশালে যাবে। তিনি আরও বলেন, মঠবাড়িয়া ও স্বরূপকাঠী উপজেলার নেতাকর্মীদের একটি অংশ ইতিমধ্যেই অনেক বরিশালে পৌঁছে গেছে। বাকিরা নির্দিষ্ট সময়ে গণসমাবেশে যোগদান করবে।
