পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন
দলীয় বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও প্রথম জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য গঠিত মনোনয়ন বোর্ডে কাছে আজ বৃহস্পতিবার তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। আজ ছিল দলীয় প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। এদিন তিনি বিপুল সংখ্যক জনপ্রতিনিধিদের নিয়ে ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডের কাছে তার মনোনয়ন ফরম জমা দেন।
অন্যদিকে, দলীয় মনোনয়ন পেতে আরও মনোনয়ন ফরম জমা দিয়েছেন- পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ও পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা: হাসিনা মনি এবং স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সদস্য শামসুন্নাহার বেগম।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে মো.মহিউদ্দিন মহারাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে জেলা পরিষদের চেয়ারম্যানদের ৫ বছর মেয়াদপূর্তি হলে মো. মহিউদ্দিন মহারাজকে সরকার জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করেন।
