মাদক মামলায় মা-বাবা ও ছেলের কারাদন্ড
পিরোজপুরে একটি মাদক মামলায় একই পরিবারের মা-বাবা ও ছেলেকে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মামলায় মা ও ছেলেকে ৫ বছর এবং বাবাকে ৩ বছরের সশ্রম কারদন্ড ও প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এ সময় আদালতে মা মোসা: খাদিজা বেগম ও ছেলে মো. আমিনুল মাতুব্বর উপস্থিত ছিলেন। তবে বাবা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর বোথলা গ্রামের বাসিন্দা মৃত সুলতান মাতুব্বরের ছেলে মো. মোতালেব মাতুব্বর অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গামের কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোতালেব মাতুব্বরের স্ত্রী মোসা: খাদিজা বেগম ও ছেলে মো. আমিনুল মাতুব্বরকে পিরোজপুর ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত আমিনুলের বাবা মোতালেব মাতুব্বর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মামলা ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জলিল হাওলাদার আদালতে চার্জশিট দালিণল করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জহিরুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট মো. দেলোয়ার হোসেন।
