বাগেরহাটে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন
বাগেরহাটে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল।
সভায় বক্তব্য রাখেন, দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোরশেদ, বাগেরহাটের পুলিশ সুপার কে. এম. আরিফুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সাতক্ষিরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আছাদুজ্জামান, দুদক সমন্বিত জেলা কার্যালয়, বাগেরহাটের উপ-পরিচালক মো. শাহরিয়ার প্রমুখ।
সভায় বাগেরহাট ও সাতক্ষিরা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল বলেন, শুধু আর্থিক উন্নতি হলে চলবে না, আমাদের নৈতিক উন্নতিও ঘটাতে হবে। কোনো জাতি যদি শুধু আর্থিক উন্নতি করে তাহলে সেই উন্নতি টেকসই হয় না। টেকসই উন্নতি করতে হলে, আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতি ঘটাতে হবে। এজন্য সবার আগে আমাদের সৎ মানুষ হতে হবে।
তিনি বলেন, সব ধরণের দুর্নীতিকে না বলতে হবে। আজকে শুধু বাগেরহাট নয়, দেশের বিভিন্ন স্থানে ১২টি সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। বাগেরহাটে দুদকের সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে এই জেলা দুর্নীতিমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বাগেরহাট শহরের দশানীস্থ একটি ভবনে দুদকের কার্যালয় উদ্বোধন করেন দুদকের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল। সাতক্ষিরা ও বাগেরহাট জেলার দুর্নীতি দমনে কাজ করবে এই সমন্বিত কার্যালয়।
