দুর্নীতির কারণে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয় : দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান
দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, স্বাধীনভাবে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে নিরন্তর সহযোগিতা দিয়ে যাচ্ছেন। দুদক এখন একটি প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের কর্মকান্ডের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। শুধুমাত্র চাকুরিজীবিরাই দুর্নীতি করেন তা সঠিক নয়, বিভিন্ন শ্রেণি ও পেশার একটি অংশও এখন দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে আমাদের জিডিপি বৃদ্ধি পাবে, দুর্নীতির কারণে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়।
রবিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে শহরের বাইপাস সড়কের দুর্নীতি দমন কমিশন পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শেখ মো. ফানাফিল্যা, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম সেবা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, এডভোকেট মাহমুদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধরাণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, সাংবাদিক হাসিবুল ইসলাম।
মতবিনিময় সভায় বিভিন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
