ভান্ডারিয়ার ক্ষুদে শিক্ষার্থী নিসা বিনতে জাহিদের কৃতিত্ব
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে চলতি বছরের গেল মাস থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-উদ্যাপন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগ থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা গত ৩০ মে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে। এতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নিসা বিনতে জাহিদ ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপস্থিত বক্তৃতায় প্রথম হয়।
গত ২১জুন রাজধানী ঢাকায় আর্ন্তজাতি মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঐ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে নিসা বিনতে জাহিদ মেডেল, সনদ ও পুরস্কার গ্রহন করে।
বৃহস্পতিবার (২২জুন) নিসা বিনতে জাহিদ তার শিক্ষা প্রতিষ্ঠান ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠিদের নিয়ে অর্জিত পুরস্কারটি প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী উচ্ছ্বসিত হয়ে জানান, নিসার এ অর্জনটি ভান্ডারিয়ার মুখ উজ্জল করেছে। আমি তার সাফল্য কামনা করি।

নিসা বিনতে জাহিদ জানান, দৃঢ়তা এবং সাহস নিয়ে চেষ্টা করেছি আমার জন্য নির্ধারিত উপস্থিত বক্তৃতা প্রদানের জন্য। মহান সৃষ্টিকর্তা, মা-বাবা, শিক্ষকবৃন্দসহ সকলের দোয়ায় এ অর্জন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই অভিজ্ঞতা ভবিষ্যৎ পথ চলার পথে আমার জন্য কাজে আসবে। সবাই যদি ধৈর্য, সাহস এবং দৃঢ়তার সসাথে কাজ করে অবশ্যই তারা সফল হবেন। নিসা ভান্ডারিয়ার শিক্ষক দম্পতি মো. জাহিদুল ইসলাম মনির এবং খাদিজা আক্তার শিল্পী’র বড় মেয়ে।
