পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিক মাহামুদ হোসেনকে সংবর্ধনা
‘গুণি ও প্রবীন সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় পিরোজপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে সাংবাদিক মাহমুদ হোসেন শুকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এস রেজাউল ইসলাম শামিম। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বসুন্ধরা গ্রুপকে। সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মাহামুদ হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন এর দীর্ঘ ৫০ বছরের সাংবাদিকতা জীবনের কর্মময় দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাংবাদিক খালিদ আবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, জিয়াউল হক, হাবিবুর রহমান, শফিকুল আজম, তামিম সরদার, ওয়াহিদ হাসান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
এ সময় মাহমুদ হোসেন তার সাংবাদিকতার জীবনে স্বীকৃতি পাওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপের এই প্রয়াস সাংবাদিকদের আগামী দিনে কাজের ক্ষেত্রে আরও বলিষ্ট ভূমিকা রাখবে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে মফস্বল সাংবাদিকদের সহযোগিতায় এগিয়ে আসার অহবান জানান সাংবাদিক মাহমুদ হোসেন।
