১৮ জুন সম্মেলন
স্বরূপকাঠি উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
দীর্ঘ ২৫ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
তিনি এসময় সকল প্রকার দলীয় কোন্দল ও হানাহানি ভুলে আগামী ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম কবির, শহিদুল আহসান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ সাকিব বাদশা, একেএম আজিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মো. বেলায়েত হোসেন, কাজী সাইফুদ্দিন তৈমুর, সাইদুর রহমান, হুমায়ুন বেপারী প্রমুখ।
এদিকে, বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন গ্রুপের সমর্থকরা ব্যানার ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকালে উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে। বিভিন্ন নেতার সমর্থনের তারা স্লোগান দিতে থাকে। এতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশের কড়া নজরদারীর কারণে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
