শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জন না করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জন না করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। কেননা শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যতো আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হবে তাদের জীবন ততো বিকশিত হবে। তারা যতো বেশি মূল্যবোধ ধারণ করবে তাদের ভবিষ্যৎ ততো উজ্জ্বল হবে।
শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন উপলক্ষ্যে স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সমাজের অনেক বিএ, এমএ পাশ করা শিক্ষিত ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ছে, চরিত্রহীনতার কর্মকান্ড করছে। তারা সমাজের জন্য সম্পদ নয়, বোঝা। এ জন্য শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে ভবিষ্যতে তারা দেশের নেতৃত্ব দিতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আদর্শ চরিত্রের ও আদর্শ মানসিকতাসম্পন্ন মানুষ হওয়ার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি এ সময় আহ্বান জানান মন্ত্রী।
শ ম রেজাউল করিম বলেন, মেয়েরা যত শিক্ষিত হবে দেশ ততো এগিয়ে যাবে, দেশ ততো উন্নত হবে। এদের মধ্য থেকে অনেক প্রতিভার বিকাশ হতে পারে। বর্তমানে সংসদ নেতা শেখ হাসিনা একজন নারী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একজন নারী। দেশের শিক্ষা মন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী। শেখ হাসিনা নারীবান্ধব সরকার প্রধান। তিনি নারীর ক্ষমতায়নে অব্যাহতভাবে কাজ করছেন।

শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, শহীদ স্মৃতি কলেজের শিক্ষকবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে নেছারাবাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
এদিন বিকেলে মন্ত্রী জেলার নাজিরপুর উপজেলা ষ্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিক (অনুর্ধ-১৭) খেলার উদ্বোধন করেন।
এছাড়া তিনি নাজিরপুর উপজেলার উত্তর চর রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, নাজিরপুর হেডকোয়াটার-গজালিয়া জিসি ইউজেডআর (রামনগর) শেখমাটিয়া বাজারসড়ক বিটুমিন কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাবুরহাট-লক্ষিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নির্মান কাজের উদ্বোধন করেন।
