মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যনের বিরুদ্ধে থানায় জিডি
পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ (জিডি) ডায়েরী করা হয়েছে। উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত আ. সালাম হাওলাদারের ছেলে মো. ছগির মিয়া মঙ্গলবার রাতে ওই সাধারণ ডায়েরী করেন।
সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ছগির মিয়া একটি রাস্তার প্রক্কলন (ইষ্টিমিট) এর বিষয়ে মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন হঠাৎ করে উপজেলা প্রকৌশলীর রুমে ঢুকে ছগির মিয়ার নাম ধরে গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসেন এবং হত্যার হুমকি দেন। একপর্যায় ছগির মিয়া সেখান থেকে চলে যেতে চাইলে উপজেলা পরিষদের সামনে থাকা উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা এবং চেয়ারম্যান নিজে ছগিরের উপর আক্রমন করেন। এ সময় তার ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ তাকে খুন জখমের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, সম্প্রতি ছগির মেম্বার তার (উপজেলা চেয়ারম্যান) এক কর্মীর মোটর সাইকেল আটকে রাখেন। এ বিষয়ে মঙ্গলবার তাকে পেয়ে জানতে চাইলে এ নিয়ে কথা কাটা-কাটি হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, মঙ্গলবারের ঘটনায় থানায় একটি জিডি করেছে সগির মিয়া। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি গত ২০১৯ সালের উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
