প্রধান সূচি

পিরোজপুরের টিসিবি’র পণ্য বিক্রি শুরু ॥ গ্রাহকরা ভোগান্তিতে

পিরোজপুরে রবিবার থেকে স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র ডাল, তেল ও চিনি বিক্রি করা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘন্টা বিক্রি দেরীতে শুরু হওয়ায় পিরোজপুরে টিসিবি পণ্য গ্রহনকারীদের চরম ভোগান্তি পোঁহাতে হয়েছে। প্রচন্ড রোদ ও গরমে সকালে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
পিরোজপুর পৌরসভার ৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও তা শুরু করা হয় দুপুর ১টায়। এ বিষয়ে ডিলাররা জানান, বিক্রিজাত পণ্যগুলো প্যাকেট করার কারণেই কিছুটা বিলম্ব হয়েছে। তবে প্রশাসন বলছে, সমন্বয়ের অভাবে প্রথম দিনে বিলম্ব হয়েছে। তবে আগামী দিন থেকে যথাযথ সময়ে বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে রমজান উপলক্ষে কম দামে ডাল, তেল ও চিনি ক্রয়ের সুবিধা দিচ্ছে। রবিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম জানান, রবিবার থেকে প্রথম কিস্তির পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজান মাসের মধ্যবর্তী সময়ে দেওয়া হবে ২য় কিস্তির পণ্য। প্রথম কিস্তির প্রতিটি বিশেষ কার্ডের নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১১০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল। এর পরে রমজান মাসে ২য় কিস্তির পণ্যের সাথে ছোলার ডাল দেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial