ভাণ্ডারিয়ায় বাস-ট্রলি সংঘর্ষে আহত ৪ ॥ বাস আটক
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের স্থানীয় কলেজ মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিআরটিসি একটি বাসের সাথে ইঞ্জিনচালিত একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা ৪ আরোহী আহত হয়।
জানা গেছে বিআরটিসি’র দুটি বাসের প্রতিযোগিতাই এ দুর্ঘটনার মূল কারণ। এ ঘটনায় পুলিশ একটি বিআরটিসি বাস আটক করেছে।
স্থানীয়রা জানান, বরিশালগামী বিআরটিসির দুটি বাস প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা টিন বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রলির চালকসহ ৪জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আকন (৬০)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপর আহত সেলিম (২৫), জাকির হোসেন (৩৫), কবির জোমাদ্দার (৫০)কে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ রেজা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থানে পৌঁছাই এবং আহত সকলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাই।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় বিআর টিসির একটি বাস আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।
