বিলবোর্ড ও সাইনবোর্ডে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের অভিযান
পিরোজপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড ও সাইনবোর্ডে বাংলা বর্ণমালা বাদ দিয়ে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার বিকেলে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তর থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন শোরুম ও দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি শোরুম ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল এমরান খাঁন।
এদিন মোবাইলের দোকান ভিবো, উত্তরা মর্টস, ডেসকোর্ড, ব্রাদার্স ফার্নিচারসহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালতে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হলে করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে ব্যবসায়ীদের অনুরোধে অভিযুক্ত দোকান মালিকদের বিলবোর্ড ও সাইনবোর্ড পরিবর্তন করার জন্য ৭ দিনের সময় দেয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল এমরান খাঁন বলেন, বিলবোর্ড ও সাইনবোর্ডে বাংলা বর্ণমালা বাদ দিয়ে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে শহরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত দোকানে অভিযান চালানো হয়। এসকল দোকানের মালিক ও ব্যবসায়ীদের বিলবোর্ড ও সাইনবোর্ডের নাম সংশোধনের জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার পরে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
