মঠবাড়িয়ায় প্রতিবন্ধিদের জমি দখল করে বিএনপি নেতার নামে কলেজ প্রতিষ্ঠার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬জন প্রতিবন্ধিসহ একটি দিনমজুর পরিবারের জমি দখল করে “দধিভাঙ্গা এ্যাডঃ জিয়াউল ফারুক তালুকদার” নামে একটি কলেজ প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। কলেজ প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও প্রভাবশালীরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। উপরন্ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করেছে ওই হতদরিদ্র পরিবারের অনেক সদস্যদের। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই পরিবারের সদস্যরা গণস্বাক্ষর করে শিক্ষা সচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জে.এল ৩২ নং দধিভাঙ্গা মৌজার এস.এ ১৩৬ নং খতিয়ানে ১৪৮, ১৫১নং দাগে ৩.১০ একর জমির মালিক আছরদ্দিন গং। বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী আব্দুস সামাদ তালুকদারের ভাতিজা ও তারেক রহমানের ঘনিষ্ট সহযোগি প্রভাবশালী এডভোকেট জিয়াউল ফারুক তালুকদার ও তার সহযোগিরা হতদরিদ্র ওই পবিরারের জমি জোর করে দখলে নিয়ে কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও উপজেলার অন্যতম প্রভাবশালী পরিবার হওয়ায় তারা ওই জমি দখল করে রেকর্ড করিয়ে নেয়। এক সময় স্থানীয়দের সমালোচনার মুখে হতদরিদ্র পরিবারের বিভিন্ন সদস্যদের ওই কলেজে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্ত গত ৯ বছরের প্রতিবন্ধি ও হতদরিদ্র পরিবারে কোন ব্যক্তিকে চাকুরি দেওয়া হয় নি। এডভোকেট জিয়াউল ফারুক তালুকদার বর্তমানে আমেরিকা অবস্থান করেছেন বলে তার ঘনিষ্টজনরা জানান। কলেজের প্রতিষ্ঠাকলীন অধ্যক্ষ মো. এমাদুল হক দুলালও এসকল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে এডভোকেট জিয়াউল ফারুক তালুকদারের ভাই ফজলুল হক তালুকদার রাগন্বিত ভাষায় জানান, অভিযোগ সত্য নয়। উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে। তারা (আছরদ্দিন গং) রায় পেলে আমরা জমি ছেড়ে দেব।
