পিরোজপুরের ৫ ইউপি নির্বাচন
৩টি আ’লীগ ও ১টি আ’লীগ বিদ্রোহী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪টি ও ভান্ডারিয়া উপজেলায় ১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জয়লাল করেছে। ১টি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং ১টি জাতীয় পার্টি (জেপি) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
বেসরকারীভাবে বিজয়ীরা হলেন মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ তালুকদার (নৌকা), ৪নং দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক খান রাহাত (নৌকা), ৬নং টিকিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (নৌকা) ও ১১নং বড়মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার (স্বতন্ত্র) বিজয়ী হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা ইকড়ি ইউনিয়নে জাতীয় পার্টি (জেপি) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দুটি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। ভোট কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গছে। ফরে নির্ধারিত সময়ের পরেও নারী ভোটারদের ভোট গ্রহণ করা হয়। তবে নারী বুধগুলোতে ভোট গ্রহণে ধীরগতি দেখা গেছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে নারীদের জন্য একটি বুধ করার কারণেও ভোট গ্রহণে বিলম্ব হয়।
মঠবাড়িয়া উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ধানীসাফা ও বড়মাছুয়া এ ২টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও বাকী দাউদখালী ও টিকিকাটা ২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা। সকল কেন্দ্রে কোন রকম সহিংসতা ছাড়াই ভোট শেষ হয়।

এদিকে, ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা মুজাহার আলী বাড়ি এফতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিলে ভোট গ্রহন কিছু সময় বন্ধ থাকে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া সরকারী কলেজের প্রভাষক আবুল কাশেম জানান, এ ভোট কেন্দ্রে সকালে এক ঘন্টা ভোট গ্রহণের পরে ইভিএম প্রোর্টাল অচল হয়ে পড়লে উপজেলা নির্বাচন অফিস তাৎক্ষনিক নতুন একটি সচল ইভিএম মেশিন দিলে ভোট গ্রহণ করা হয়।
মঢবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারগন দিনভর শান্তিপূর্ণ পরিবেশে স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক বলেন, মঠবাড়িয়ায় চারটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।
এদিকে, সকাল থেকেই বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি, র্যাব-৮ এর সিও, পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার নির্বাচনী ইউনিয়নগুলো পরিদর্শন করেন।
