মোংলায় পুষ্টি মেলা
মোংলায় শুরু হয়েছে পুষ্টি মেলা। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলা শুরু হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও চাঁদপাই ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এবং ক্রেইন’র সহযোগিতায় এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করে উপজেলা কৃষি, মৎস্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উপকারভোগী স্থানীয় কৃষক-কৃষানীরা।
মেলার মূল উদ্দেশ্য হলো- শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবার রান্না করে তা শিশুদের মাঝে পরিবেশন করা হয়।
পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, মেরিন ফিসারিস অফিসার হেলাল উদ্দিন, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।
পুষ্টি প্রকল্প নিয়ে এখানে কাজ করছেন জেজেএস, রূপান্তর ও ওয়াটার এইড।
মঙ্গলবারের পর বুধবার এ পুষ্টি মেলা হবে উপজেলার চিলা ইউনিয়নে। পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নে এ মেলা অনুষ্ঠিত হবে।
