যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করা হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম. রেজাউল করিম এমপি বলেছেন, এ দেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সে কারণে সকল অনিয়ম, দুর্নীতি, অনৈকতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় যুব সমাজ যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য বহুমুখী কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অভাবনীয় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করা হচ্ছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে সোমবার পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যুব সমাজকে সামনের কাতারে এনে দক্ষ জনবলে পরিনত করে তাদেরকে যথাযথ পূনর্বাসনের জায়গায় আনা সম্ভব হলে জাতির অগ্রযাত্রাকে আরও শানিত করা সম্ভব হবে। প্রতিটি জেলায় যুকদের কর্মক্ষম করার লক্ষে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ডিজিটাল ব্যবস্থা কিভাবে আয়ত্ত করতে পারে, তারা যাতে আউটসোর্সিং এর মাধ্যমে ব্যাপকভাবে নিজেদের আর্থিক স্বচ্ছলতা আনতে পারেন, স্বাবলম্বি হতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। মৎস্য চাষ, পশু সম্পদের বিভিন্ন চাষাবাদসহ ক্ষুদ্র শিল্প ও অন্যান্য ছোট ছোট ব্যবসার জন্য প্রশিক্ষণের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব অধিদপ্তর সহযোগিতা করছে। এই সহযোগিতা একজন যুবককে স্থায়ীভাবে জনশক্তিতে পরিনত করছে। যুবরা উদ্যোক্তা হচ্ছে। তাদের আয়ের মধ্য থেকে নিজেরা যেমন স্বাবলম্বি হচ্ছেন, তেমনি গ্রামীন অর্থনীতিতেও তারা ভূমিকা রাখছে।
শ ম রেজাউল করিম বলেন, দেশের প্রতিটি যুবককে আগামী দিনের নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মাদক, অনিয়ম, দুর্নীতি থেকে যুব সমাজকে কি’ভাবে মূল স্রোতে রাখা যায় সে জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, যুব উন্নয়নের উপ-পরিচালক অশোক কুমার সাহা, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী।
আলোচনা সভা শেষে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাকে সনদপত্র ও ৫ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়ভ
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
