পিরোজপুরে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরের ধর্ষণ মামলার আসামী মো. ফিরোজ শেখ (২৮)কে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর একটি অভিযানিক দল। শুক্রবার সন্ধ্যার পরে বরিশাল সদরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি দল। ফিরোজ শেখ সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের মৃত জাফর শেখের ছেলে।
শনিবার সকালে র্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়, সদর উপজেলার নরখালীর বানেশ্বরপুর গ্রামের এক কিশোরী (১৩)কে প্রতিবেশী মো. ফিরোজ শেখ বিভিন্ন সময়ে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। এরই জেরধরে গত ২৬ সেপ্টেম্বর বিকেল অনুমানিক ৩টার দিকে আসামী ভিকটিমের বাড়িতে তার বাবা মা না থাকায় ঘরের মধ্যে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা পিরোজপুর সদর থানায় ফিরোজ শেখ এর বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করে। ঘটনার পর থেকে আসামী ফিরোজ শেখ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশাল সদরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মো. ফিরোজ শেখ (২৮)কে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
