পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে জেলা ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত
পিরোজপুরে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে এবং স্থানীয় সরকারের সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের এ্যাডভোকেসি করার লক্ষে গঠিত পিরোজপুর জেলা ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদ্য বিদায়ী উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী।
পিরোজপুর জেলা ওয়ার্কিং গ্রুপের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে এবং বেসরকারী সংস্থা সুশীলন এর প্রকল্প সমন্বয়কারী মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কিং গ্রুপের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজ, জেলা মহিলা পরিষদের সাংগঠিক সম্পাদিকা খালেদা আক্তার হেনা, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর জেলা মহিলা সংস্থার সদস্য শিরিনা আফরোজ প্রমুখ।
সভায় বক্তারা পিরোজপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো বেগমান করার লক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধিদের কাজে লাগানোর জন্য জেলা ওয়ার্কিং গ্রুপের সদস্যদের আহবান জানান। একই সাথে জেলার বিভিন্ন ইউনিয়নের এফডব্লিউসি’র শূণ্যপদে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগের জন্য সরকারের কাছে দাবী জানান।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও নারীদের স্বাস্থ্য সেবা বিষয়ে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে বেসরকারী সংস্থা মেরি ষ্টোপস, বাংলাদেশ এবং সুশীলন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের পরিবার পরিকল্পনা ও নারীদের স্বাস্থ্য সেবায় মেরি ষ্টোপস, বংলাদেশ এবং বেসরকারী সংস্থা সহায়তায় পিরোজপুরে গঠিত হয়েছে জেলা ওয়ার্কিং গ্রুপ।
