প্রধান সূচি

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে ৮ কিলোমিটার দীর্ঘ রোড শো

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটে ৮ কিলোমিটার দীর্ঘ যান্ত্রিক রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে রোড শো’টি শুরু হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে গিয়ে এই রোড শো শেষ হয়। রোড শো-তে দুই শতাধিক মোটর সাইকেল, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের জীপ, টুরিস্ট পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।

রোড শো শেষে গোড়া দিঘির পাড়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটি বাগেরহাটে অবস্থিত। একটি সুন্দরবন এবং অপরটি ষাটগম্বুজ। এই দুই বিশ্ব ঐতিহ্য ঘিরে বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশের অনেক সুযোগ রয়েছে। আগামীতে এই দুই স্থাপনাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সকলকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী ও পর্যটন সংশ্লিষ্টরা অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial