অস্ত্র মামলায় একজনের ১৭ বছর সশ্রম কারাদন্ড
পিরোজপুরে একটি অস্ত্র মামলায় মো. মন্টু কবিরাজ (৩৮) নামের এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পিরোজপুর আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নিজ ভান্ডিারিয়া গ্রামের আজাহার কবিরাজের ছেলে মো. মন্টু কবিরাজকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে মন্টুর বসতঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে পিরোজপুর আদালতে এস.টি.সি-২১/২০১৫ নম্বরের একটি মামলা হয়। তবে উক্ত মামলায় একপর্যায়ে জামিন নিয়ে মন্টু পলাতক রয়েছে।
মামলায় মন্টু কবিরজের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ (সাত) বছর সশ্রম কারাদন্ড এবং ১৯ এ ধারার ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। রায়ে বলা হয় উভয় ধারার দন্ড একের পর এক কার্যকর হবে। একইসাথে বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন। আসামী মন্টু কবিরাজ ২০১৭ সালের ১২ অক্টোবর থেকে পলাতক আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
