ইন্দুরকানীতে জলাবদ্ধতায় আমন বীজ পঁচে ক্ষতির আশঙ্কা
পিরোজপুরের ইন্দুরকানীতে নিম্নচাপের প্রভাবে ও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় আমন বীজ পঁচে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার চাড়াখালী, টগড়া, ইন্দুরকানী, সেউতিবাড়ীয়া, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় জলাবদ্ধতার কারণে রোপা আমন ক্ষেতের অনেক বীজ পঁচে গেছে। বীজ পঁচে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গত ৭ দিন ধরে আমন ক্ষেতে পানি জমে থাকায় এ জলবদ্ধতায় বীজ পঁচে গেছে। নিঁচু এলাকা হওয়ায় এবং পানি নিষ্কাষনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে। এলাকায় বীজ না থাকায় পুনরায় বীজ রোপন নিয়ে কৃষকরা শংকায় পড়েছে। এ বছর এ উপজেলায় ৫ হাজার ৩শ’ ৫০ হেক্টরও জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে।
কৃষক শাহজাহান, সুলতান হাওলাদার, আবুল বাশার জানান, পানি জমে থাকায় রোপা আমনের বীজ নষ্ট হয়েছে গেছে। বীজ না থাকায় নতুন করে রোপন করা সম্ভব হবে না।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ তৈয়েবুর রহমান জানান, আমনের বীজ যে পরিমান নষ্ট হয়েছে তাতে তেমন ক্ষতি হবে না। পানি নেমে গেলে ঠিক হয়ে যাবে।
