স্বরূপকাঠীতে বিক্রয় কর্মীকে মারধর ॥ সাদা কাগজে সহি রেখে মুক্তি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আবু হানিফ (৩৩) নামে এক বিক্রয় কর্মীকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মো. রাজু নামে এক পরিবেশকের বিরুদ্ধে।
গত ১২ সেপ্টেম্বর রাতে জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ওই পরিবেশক বিক্রয় কর্মী হানিফকে নিজ গোডাউনে ডেকে নিয়ে মারধর করেন। পরে আবু হানিফের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে পাশ্ববর্তী আরামকাঠি গ্রামের কামরুল ইসলাম নামে এক ব্যক্তির জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। পরিবেশক রাজু ও বিক্রয় কর্মী আবু হানিফের মধ্যে একটি লেনদেনজনিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটে। পরিবেশক রাজু কামারকাঠি গ্রামের মো. হাসেম আলী খানের ছেলে। রাজু বাজারে একটি গোডাউন রেখে কোম্পানীর ডিলারশীপের ব্যবসা পরিচালনা করে আসছেন।
বিক্রয় কর্মী আবু হানিফ অভিযোগে জানান, তিনি একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি পদে উপজেলায় চাকরি করতেন। সেই কোম্পানীর ডিলারশীপ ছিলেন রাজু। পরে আবু হানিফ ওই কোম্পানী ছেড়ে অন্য একটি কোম্পানীর চাকরি নেয়। হানিফ রাজুর অধীনে চাকরিকালীন মার্কেটে কিছু টাকা বাকি ছিল। পরিবেশক রাজু থেকে চাকরি ছাড়াকালীন বিক্রয় কর্মী হানিফ তাকে সবকিছু বুজিয়ে দেয়। এসময় রাজু তাকে বকেয়া টাকা মার্কেট থেকে তুলে দিতে চাপ দেয়। বিক্রয় কর্মী তা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ সেপ্টেম্বর রাতে হানিফকে গোডাউনে ডেকে নিয়ে মারধর করে।
অভিযোগ অস্বীকার করে পরিবেশক রাজু জানান, আমি তার কাছে টাকা পাই। তাই ডেকে নিয়ে তাকে টাকার কথা বললে উত্তেজিত হয়। এজন্য তাকে মারতে চেয়েছিলাম। পরে কামরুলের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছি।
