নাজিরপুরে আ’লীগ নেতার নেতৃত্বে স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল সালাম জানান, মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর গ্রামের তার ভোগ দখলীয় বাড়ির সামনের পৈত্রিক সাড়ে ৬ একক জমি দখল করতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় স্থানীয় বিএনপি নেতা আকবর হোসেন, আলমগীর হোসেন ও জামায়াত তরফদার গত বৃহস্পতিবার ড্রেজার মেশিন দিয়ে ওই জমিতে বালু ভরাট করেন। এসময় তিনি বাঁধা দিলে তাকে ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয়া হয়।
সরেজমিনে গেলে দেখা যায়, ওই জমিতে বালু ভরাট করে একটি ঘর নির্মান করা হয়েছে। দখলদারদের পক্ষে সেখানে কিছু নারী শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। অভিযুক্তদের না পাওয়া গেলেও অভিযুক্ত জামায়াত তরফদারের স্ত্রী ছুটি বেগম ওই জমি তাদের (অভিযুক্তদের) বলে দাবী করেন।
এ ব্যাপারে জানতে আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বুলুর মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, এমন একটি অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।
