ভান্ডারিয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে অধিদপ্তরের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক চারা উত্তোলনের ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র অনুকুলে বরাদ্ধকৃত ৫ হাজার চারার মধ্যে ভান্ডারিয়া পৌরসভায় ২ হাজার ৫শ’ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
এ সময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার, জেপি নেতা মো. সেন্টু মোল্লা, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর খালের পার থেকে শুরু করে পৌর শহরের বাশের পোল নামক স্থান পর্যন্ত সোনালী, কৃষ্ণচুড়া, অর্জুন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
