মঠবাড়িয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের (মহিলা) সদস্য ও সাধারণ সদস্যদের (পুরুষ) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
পরে সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।
শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ওসি (তদন্ত) আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ জুন প্রথম ধাপের নির্বাচনে মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১নং তুষখালী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩নং মিরুখালী ইউনিয়নে আবু হানিফ খান, ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন আকন, ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে শারমীন জাহান, ৯নং সাপলেজা ইউনিয়নে মিরাজ মিয়া ও ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নে রিয়াজুল আলম ঝনো নির্বাচিত হন।
