মোংলায় নারী মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা
মোংলায় এক নারী মাদক ব্যবসায়ীকে সাড়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুরগী বাজার সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকসহ ওই নারীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী বেগমের (৩২) বসতঘরে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার রাজবংশী মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী বেবীকে তিন মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। নগদ টাকা দিতে না পারায় আরো ১৫ দিনের সাজা বাড়িয়ে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এর আগেও একাধিকবার গাঁজা ও ইয়াবাসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় মাদক ব্যবসায়ী বেবী। বেবীর বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। সেই মামলায় জামিন নিয়ে এসে বেবী আবারো মাদকের কারবার শুরু করে বলে জানিয়েছে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
