প্রধান সূচি

বরিশাল বিভাগে করোনায় ১৩ জনের মৃত্যু ॥ নমুনা পরীক্ষায় রেকর্ড ৭২০ জন শনাক্ত

বরিশাল বিভাগে একদিনে সর্বাধিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার বিভাগের ৬ জেলায় সর্বোচ্চ এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, রবিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৬৭।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে পিরোজপুরের ২ জন এবং পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে ১ জন করে মারা গেছেন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬২ দশমিক ২৩।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বরিশাল জেলায়। এ জেলায় পরীক্ষার বিপরীতে অর্ধেকের বেশি পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ৪০৭ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৫১ দশমিক ৮৪।

ভোলা জেলায় সংক্রমণের হার ৪৭ দশমিক ৯৫। ২৪ ঘন্টায় এ জেলাতে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের পজিটিভ শনাক্ত হয়। পিরোজপুর জেলাতে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৯০।

এদিকে, ঝালকাঠীতে গত দুইদিন সংক্রমণ কম থাকলেও রবিবার বেড়ে গেছে। এদিন পরীক্ষার বিপরীতে ৪২ দশমিক ৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। জেলাতে ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৯০ জনের পজিটিভ শনাক্ত হয়।

গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমেছে বরগুনা জেলায়। এ জেলায় পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৯। তিনশো জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন পজিটিভ শনাক্ত হয়েছে। সমসংখ্যক রোগী পজিটিভ শনাক্ত হয়েছে পটুয়াখালীতেও। এই জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ২৩৬ জনের। রবিবার এ জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৫ শতাংশ।

দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৯৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৬৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial