নাজিরপুরের শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান আত্মগোপনে ॥ ইউনিয়নবাসী ভোগান্তিতে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র দুই মাস ধরে আত্মগোপনে আছেন। এদিকে, চেয়ারম্যানকে না পাওয়ায় ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। ইউনিয়ন পরিষদের কাজে চরম ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন। এমনকি তিনি ইউনিয়নের ভীমকাঠীর তার নিজস্ব বাসভবনেও থাকছেন না। ফলে ইউনিয়নের জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, ভিজিডি কার্ডসহ বিভিন্ন ধরণের সেবা গ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার জানান, তার নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা মাইসা আদ্রিতার জন্য জন্ম নিবন্ধন কার্ড আনতে কয়েক দিন ধরে ইউনিয়ন পরিষদে গিয়েও চেয়ারম্যানকে না পেয়ে ফিরে আসতে হয়েছে।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনোজ কান্তি মন্ডল জানান, ইউপি চেয়ারম্যান গত ২ মে থেকে একটানা পরিষদে অনুপস্থিত রয়েছেন। এর আগেও এভাবে কিছু দিন অনুপস্থিত ছিলেন। ফলে চলতি বছরের এলজিএসপি কাজের ব্যাঘাত ঘটেছে। এতে তিনি স্বাক্ষর না দেয়ায় কাজের কি খবর তাও আমরা মেম্বাররা জানি না। এর আগের বছরগুলোতে তিনি তা লুটপাট করে খেয়েছেন।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. সেলিম শেখ জানান, চেয়ারম্যান গত প্রায় আড়াই মাস অফিসে আসেন না। ইউপি সচিব চেয়ারম্যানের কাগজগুলো বাসায় রেখে আসেন। সেখান থেকে কিভাবে স্বাক্ষর হয় তা আমার জানা নেই।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, তিনি গত ২ মাসের বেশী ধরে কোন ধরনের ছুটি না নিয়ে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। এমনকি তার মুঠো ফোনটি বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জানতে চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী রেবা রানী মৈত্র বলেন, চেয়ারম্যান বাসায় থাকেন না। তবে এলাকার কাছাকাছি কোথাও আছেন।
ইউনিয়ন পরিষদের সচিব মঞ্জুরুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেব কোথায় আছেন তা আমিও জানি না।
জানা গেছে, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২ মে অতিরিক্ত জেলা প্রশাসক একটি তদন্ত করেন। এরপর থেকে ইউপি চেয়ারম্যান আত্মগোপন রয়েছেন।
