পিরোজপুরে আরও ৩ জনের মৃত্যু : আক্রান্ত ৮৪
৬ষ্ঠ দিনে শহরে কঠোর লকডাউন ॥ বাজার ও গ্রামে ঢিলেঢালা
৬ষ্ঠ দিনের লকডাউনে পিরোজপুর শহরে কঠোর লকডাউন হলেও পৌর বাজার ও গ্রাম্য বাজারগুলোতে মানা হচ্ছে না লকডাউন ও স্বাস্থ্যবিধি।
এদিকে, গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৫৯টি নমুনা পরিক্ষা করে ৮৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় সংক্রমণের হার শতকরা ৫২ শতাংশ।
মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন করোনা রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে জেলা হাসপাতালে ৪৪ জন, ভান্ডারিয়ায় ১২ জন, নাজিরপুরে ৬ জন, নেছারাবাদে ৪ জন এবং কাউখালীতে ৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ১৫৯টি নমুনা পরিক্ষা করে ৮৪ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার শতকরা ৫২ শতাংশ।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলা প্রশাসন, লকডউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ২৮টি মামলায় ৬৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।
