পিরোজপুরে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন চলছে। পিরোজপুরে সরকারের এ ঘোষণা বাস্তবায়নে এবং জনসাধারণের সচেতনতায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।
সোমবার লকডাউনের ৫ম দিনে সরেজমিনে পিরোজপুর জেলার ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরসহ শহরের প্রধান প্রধান স্থান ঘুরে দেখা গেছে, লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপর পুলিশি টহল জোরদার করতে দেখা যায়। অতীব জরুরী প্রয়োজনে যারা বের হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে এবং অযথা যারা বের হচ্ছে তাদেরকে নিজেদের বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে বেশ কিছু আটক করে পুলিশ।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে লকডাউনে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, অযথা বের হওয়া জনসাধারণকে আইনের আওতায় আনা হচ্ছে। গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সচেতনতামূলক মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

