নাজিরপুরে খাস জমি দখলকারীকে ৪৫ দিনের জেল
করোনা মহামারীকালে সারাদেশের মতো নাজিরপুরে চলছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিস। তবে এতোকিছুর মধ্যেও আশ্রয়ণ প্রকল্পে জমি বরাদ্দ, সরকারি স্বার্থ রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উপজেলা প্রশাসনের অংশ হিসেবে করোনাকালেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ভূমি অফিস ও এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসসমূহ।
রবিবার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের খাস জমিতে অবৈধভাবে বালু ভরাট করে গৃহ নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। এ সময় অবৈধ দখলকারী অতুলনগর গ্রামের আবুল কালাম হাওলাদার তাকে সরকারি কাজে বাধা প্রদান ও ক্ষতিসাধনের হুমকি দেয় প্রকাশ্যে।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অপরাধী আবুল কালাম হাওলাদারকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, নাজিরপুরে লকডাউনের মধ্যে খাস জমির অবৈধ দখলদারদের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
