স্বরূপকাঠীতে ৮ জন করোনা রোগী শনাক্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্য ডাক্তার, উপজেলা প্রশাসনের লোক রয়েছে। গত ২৪ ঘন্টায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এর আগের দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফারহা এর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, রবিবার ২১ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া হাসপাতালের ডা. ফারহা এর নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত ৮ জন ব্যক্তি সবাই হোম কোয়ারেইন্টেনে আছেন। ডা. ফারহা এর শ্বাস কষ্ট রয়েছে। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তিনি শঙ্কা মুক্ত আছেন।
এদিকে, করোনা প্রার্দুভাবে নেছারাবাদে চলছে কঠোর লকডাউন। জরুরী সেবা ছাড়া বন্ধ রয়েছে উপজেলার পৌর শহরের সমস্ত দোকানপাট। রাস্তায় রিক্সা ছাড়া চলছেনা কোন যানবাহন। লকডাউন কার্যকর করতে পুলিশ ও উপজেলা প্রশাসনকে হ্যান্ডমাইক হাতে নিয়ে পৌর শহরের মধ্য সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা গেছে। আইন অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা।
