নাজিরপুরের মালিখালী ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সুমন মন্ডল মিঠু। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই বরখাস্তের চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থ গ্রহন, ভিজিডি’র উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে সত্য প্রমানিত হওয়ায় জনস্বার্থে স্থানীয় সরকার তাকে সাময়িক বরখাস্ত করেন।
সুমন মন্ডল মিঠু ওই ইউনিয়ন থেকে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি প্রথম ধাপে ঘোষিত ইউপি নির্বাচনে (করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া) নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কর্তৃক বিনামূল্যে ঘর প্রদানের বিনিময় উৎকোচ গ্রহন, গভীর নলকুপ প্রদানের বিনিময়, ভিজিডিসহ বিভিন্ন সরকারী অনুদান প্রদানে উৎকোচ গ্রহনের অভিযোগে স্থানীয়রা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। এছাড়া তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ভাঙ্গিয়ে আর্থিকসহ বিভিন্ন সুবিধা গ্রহনের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে বহিস্কৃত ওই ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে ফোন দিলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
