পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের পাকা ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা
জমিতে এখন পাকা ধানের সমাহার। বর্তমানে ধান কাটার মৌসুমে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক। এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবক লীগ পিরোজপুরের নেতৃবৃন্দ।রবিবার পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের দরিদ্র কৃষক রতন ঢালীর এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের ধান কাটার সহযোগিতা করেন।
কৃষক রতন ঢালী জানান, ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু জানান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক রতন ঢালী অর্থাভাবে ধান কাটতে পারছেন না। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিচ্ছি। ধান কাটতে আসা অধিকাংশ নেতাকর্মী রোজা আছে। তারা সকলেই রোজা রেখে ধান কেটেছে। ধান কাটা শেষে আমরা কৃষকের বাড়িতে সেই ধান পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
