পিরোজপুরে লকডাউন কার্যকর করতে প্রশাসন কঠোর ভূমিকায়
সারা দেশের ন্যায় পিরোজপুরে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। সরকারী ঘোষণা মোতাবেক ওষুধ, খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয়সহ নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন তদারকি ভূমিকা ছিল চোখে পরার মত। সোমবার প্রথম দিনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং জেলা পুলিশের কর্মকর্তারা লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করে চলছেন।
এদিকে, জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় লকডাউন চলাকালে ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী ও ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পৌর শহর, মিয়ারহাট ও ইন্দুরহাটে অভিযান চালানো হয়। এসময় ইউএনও মাইকে সকলকে সচেতন করে আইন মেনে চলার জন্য আহ্বান জানান। এছাড়াও লক ডাউন কার্যকর করতে উপজেলার প্রধান প্রধান প্রবেশদ্বারে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।
