রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধর ॥ শিক্ষক গ্রেফতার
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে বেধে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রামপাল থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় মারধরের শিকার শিক্ষার্থী মো. শুকুর শেখের পিতা মো. মনি শেখ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
আহত শিক্ষার্থী মো. শুকুর শেখ (১১) শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নজরানা (দেখে দেখে কোরআন পড়া) বিভাগের শিক্ষার্থী এবং রামপাল উপজেলা গাববুনিয়া গ্রামের মনি শেখের ছেলে গ্রেফতার সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে।
জানা গেছে, ভাল পড়াশুনার না করার অপরাধে রবিবার সকালে মাদরাসার ফ্যানের রডের সাথে ঝুলিয়ে শিক্ষার্থী মো. শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় মামলা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় আমরা মাদরাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে আটক করেছি।
